
Black Hole-এর কথা শুনলেই মাথায় আসে অন্ধকার আর রহস্যময় এক মহাজাগতিক বস্তু, যেখান থেকে আলোও বের হতে পারে না। অথচ সেই Black Hole-কে ঘিরেই যদি এমন কিছু তৈরি হয়, যা দূর থেকে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো দেখায়?
শুনতে science fiction-এর মতো লাগলেও, জ্যোতির্বিজ্ঞানীরা এখন এমনই এক সম্ভাবনা নিয়ে কাজ করছেন। এর নাম Black Hole Star।
নাম শুনে মনে হতে পারে, এটি হয়তো এমন কোনো নক্ষত্র, যার ভেতরে Black Hole রয়েছে। আসলে ব্যাপারটা তা নয়। বিজ্ঞানীদের ধারণা, একটি দ্রুত বেড়ে ওঠা supermassive black hole-কে চারদিক থেকে ঘিরে থাকতে পারে অত্যন্ত ঘন ও উত্তপ্ত গ্যাসের আবরণ, যাকে বলা হচ্ছে gas cocoon। সহজভাবে বললে, Black Hole-টি যেন ঘন গ্যাসের বিশাল একটি আবরণের আড়ালে ঢাকা।
কিন্তু Black Hole নিজেই যদি আলো না দেয়, তাহলে এত উজ্জ্বলতা আসে কোথা থেকে?
আলো তৈরি করছে Black Hole নিজে নয়। এর চারপাশের পদার্থ Black Hole-এর দিকে ছুটে যাওয়ার সময় প্রচণ্ড উত্তপ্ত হয়ে বিপুল পরিমাণ আলো ও শক্তি ছড়ায়। সেই আলো ঘন gas cocoon-এর মধ্য দিয়ে বের হওয়ার সময় শোষিত ও ছড়িয়ে পড়ে, বদলে যায় তার বৈশিষ্ট্যও। ফলে দূর থেকে আমরা Black Hole-টিকে নয়, বরং তার চারপাশের উজ্জ্বল আবরণটিকেই দেখতে পাই।
এই ধারণাটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে James Webb Space Telescope-এর সাম্প্রতিক একটি পর্যবেক্ষণ।
Webb GLIMPSE-17775 নামের ছোট, লাল ও অত্যন্ত উজ্জ্বল একটি বস্তু পর্যবেক্ষণ করেছে। এটি রহস্যময় little red dots-এর একটি। আরও অবাক করা বিষয় হলো, আমরা GLIMPSE-17775-কে এমন অবস্থায় দেখছি, যখন Big Bang-এর পর মহাবিশ্বের বয়স ছিল মাত্র প্রায় ১.৮ বিলিয়ন বছর।
কিন্তু এত দূরের একটি ছোট্ট আলোর বিন্দুর আড়ালে কী আছে, বিজ্ঞানীরা বুঝলেন কীভাবে?
উত্তরটা লুকিয়ে ছিল তার আলোতেই।
GLIMPSE-17775-এর আলোকে spectrum-এ ভেঙে বিজ্ঞানীরা ৪০টিরও বেশি spectral line শনাক্ত করেন। এমনকি iron-এর ১৬টি আলাদা line-ও পাওয়া যায়। এই spectral line-গুলো অনেকটা আলোর মধ্যে লুকিয়ে থাকা তথ্যের মতো। এগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বুঝতে পারেন কোনো মহাজাগতিক বস্তুর চারপাশে কী ধরনের পদার্থ আছে এবং সেখানে কী ঘটছে।
কিন্তু GLIMPSE-17775-এর আলোর বৈশিষ্ট্য সাধারণ কোনো gas cloud-এর সঙ্গে ঠিক মিলছিল না। আলোটি ঘন গ্যাসের electron-এর কারণে বারবার ছড়িয়ে পড়ছিল। এই প্রক্রিয়াকে বলা হয় electron scattering। অর্থাৎ, আলোর উৎসটির চারপাশে রয়েছে অত্যন্ত ঘন গ্যাসের আবরণ।
তাহলে সেই আবরণের আড়ালে কী লুকিয়ে আছে?
বর্তমান পর্যবেক্ষণের সঙ্গে সবচেয়ে ভালোভাবে মিলে যাওয়া ব্যাখ্যাগুলোর একটি হলো, সেখানে থাকতে পারে দ্রুত বেড়ে ওঠা একটি supermassive black hole।
এটাই Black Hole Star ধারণার মূল কথা। এটি এমন কোনো নক্ষত্র নয়, যার ভেতরে Black Hole বসে আছে। বরং Black Hole-কে ঘিরে থাকা ঘন ও উজ্জ্বল gas cocoon দূর থেকে পুরো বস্তুটিকেই নক্ষত্রসদৃশ করে তুলতে পারে।
মহাকাশে আমরা যে আলো দেখি, সেটিই তাই সবসময় কোনো বস্তুর আসল পরিচয় প্রকাশ করে না। কখনো কখনো সেই উজ্জ্বল আলোর আড়ালেই লুকিয়ে থাকতে পারে একটি বিশাল Black Hole।
লিখেছেন
মোসাঃ জান্নাতুল ফেরদৌস মল্লিকা
অর্গানাইজার
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (RUSC)
